
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫-তে অপহরণ ও নির্যাতনে মোঃ আয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আরসা কমান্ডারসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা নুর বাহার বাদী হয়ে (৩০ অক্টোবর) উখিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সকাল থেকে রাতের মধ্যে ক্যাম্প-১৫-এর জামতলী এলাকার ব্লক-বি/৮ থেকে মোঃ আয়াজকে অপহরণ করে একটি বসতঘরে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতার অভিযোগ, আরসা কমান্ডারসহ অভিযুক্তরা তার ছেলেকে অপহরণ করে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।
এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। দায়েরকৃত মামলা নং-৮১, তারিখ ৩০ অক্টোবর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।