
## ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা
হেলাল উদ্দিন, উখিয়া (কক্সবাজার):
কক্সবাজারের উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পাঁচ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দিয়েছে জেলা সমবায় কার্যালয়, কক্সবাজার। গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ ঠিকাদার মোহাম্মদ ইব্রাহিম।
কমিটির অন্য সদস্যরা হলেন,ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিক, কামাল উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম ও এ কে এম ফয়সাল।
সমবায় অফিস সূত্রে জানাযায়, সমিতির পূর্ববর্তী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং নতুন ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ১২০ দিনের মধ্যে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী কমিটি।
এদিকে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের অন্তর্বর্তী কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, এটি শুধু একটি পদ নয়; বরং একটি গুরুদায়িত্ব ও আমানত। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সব ব্যবসায়ীর অধিকার, সম্মান ও কল্যাণে কাজ করতে চাই। বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
মোহাম্মদ ইব্রাহিম বলেন, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে বাজারের সার্বিক উন্নয়ন সম্ভব। তাই সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। তাঁর ভাষ্য, কমিটির কার্যক্রমে সবার মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, “এখানে কেউ ছোট বা বড় নন; আমরা সবাই এই বাজারের উন্নয়ন ও কল্যাণের অংশীদার। কোনো ভুলত্রুটি হলে তা ধরিয়ে দিয়ে পরামর্শের মাধ্যমে পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
পরিশেষে তিনি উখিয়া স্টেশন বাজারকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ হিসেবে গড়ে তুলতে সকল ব্যবসায়ীর দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।
উখিয়ার সাধারণ ব্যবসায়ীরা আশা করছেন, অন্তর্বর্তী কমিটির উদ্যোগে সমিতির কার্যক্রম গতিশীল হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম হবে।