
উখিয়া প্রতিনিধি:।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এ গভীর রাতে মোঃ রফিকের বাসায় সশস্ত্র হামলা, হত্যার উদ্দেশ্যে খোঁজ, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনের নাম উল্লেখ করে ক্যাম্প-ইন-চার্জের (CIC) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ রফিক।
অভিযোগপত্রে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে ৪০ জনের বেশি ব্যক্তি রফিকের বাসায় আসে। তাদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে দুটি G3 রাইফেল, দুটি 9mm পিস্তল, একটি অজ্ঞাত আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি ছুরি থাকার দাবি করা হয়েছে।
রফিকের অভিযোগ, ওই ব্যক্তিরা তাকে খুঁজে বের করার উদ্দেশ্যে বাসায় আসে। সে সময় তিনি বাসায় না থাকায় তাকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রীকে ছুরি দেখিয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় এবং বাসায় প্রবেশ করে লুটপাট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এ সময় তার বাসা থেকে আনুমানিক ৪ তোলা ১৪ আনা স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়া হয়েছে।
লিখিত অভিযোগে ঘটনার সঙ্গে জড়িত বা সংশ্লিষ্ট হতে পারেন—এমন ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— ক্যাম্প -৪ এর মোহাম্মদ জুবাইর,হাফেজ আহাম্মদ,মোঃ ফয়েজ,মৌলভী তৈয়ব, আহাম্মদুর রহমান,হোসেন সাদেক, মৌলভী কামরু, মোঃ আয়ুব, মাহিদ হোসেন, মোঃ জাকারিয়া, মোঃ নাসির, আজিজ খান,মোঃ জুবাইর, মোঃ হারেস, আবদুল মুনান,হুসাইন আহাম্মদ।
মুলত তারা আরসা ও এআরএ সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে জানাযায়।
এ ঘটনায় নিজের, স্ত্রী ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, লুট হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।