
নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি দেশ বিদেশ পত্রিকা ও ফেসবুক পেইজ থেকে “[উখিয়ায় সীলগালার তালা ভেঙে দোকান খুলে ওষুধ বিক্রি]” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে, আমার ব্যবসা প্রতিষ্ঠান ও ফার্মেসিকে জড়িয়ে যে সকল অভিযোগ ও বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা বিভ্রান্তিকর, অতিরঞ্জিত এবং প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে, প্রশাসনের সীলগালা করা ফার্মেসির তালা ভেঙে নিয়মিতভাবে ওষুধ বিক্রি করা হচ্ছে এবং প্রশাসনের নির্দেশনা অমান্য করে মিয়ানমারকেন্দ্রিক পাচারকারীদের হাতে জীবনরক্ষাকারী ওষুধ তুলে দেওয়া হচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একইভাবে ফার্মেসিতে রোহিঙ্গা মাদক কারবারিদের রহস্যজনক যাতায়াত এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারও কোনো বাস্তব ভিত্তি নেই।
প্রকৃতপক্ষে, উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানের সময় ফার্মেসিটি সীলগালা করা হয়নি,।
সংবাদে আমার বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর বিষয়ে যথাযথ প্রমাণ উপস্থাপন না করে প্রশ্নবোধক বক্তব্য ও সন্দেহের ইঙ্গিত দেওয়ায় আমার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ করছি, বিষয়টি পুনরায় যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশ এবং অসত্য বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধন করার জন্য। ভবিষ্যতে আমার বা আমার প্রতিষ্ঠানের বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী
রিদুয়ান
স্বত্বাধিকারী, শাহ জব্বারিয়া ফার্মেসী
বালুখালী মরাগাছ তলা, উখিয়া, কক্সবাজার